মেধাবী শিক্ষার্থী আবু রায়হানের পাশে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার মেধাবী শিক্ষার্থী মো: আবু রায়হানের পাশে দাঁড়ালো স্থানীয় সামাজিক সংগঠন শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন। তাকে বই সহ বিভিন্ন শিক্ষাসামগ্রী দিয়েছে সংগঠনটি।
আবু রায়হান সুসং আদর্শ বিদ্যানিকেতনের ছাত্র। সে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। তার পিতা দেলোয়ার হোসেন দিলদার এর মৃত্যুর পর থেকে পরিবারে দেখা দেয় নানা সংকট।
আবু রায়হানের মা রুমা আক্তার দুই ছেলে সহ পরিবারের ভরণ পোষণ চালাতে হিমসিম খাচ্ছেন। পরিবারের আর্থিক দুরবস্থার ফলে রায়হান পড়াশোনা চালিয়ে যেতে বই কিনতে পারছিল না। ফলে তার লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়ে।
বিষয়টি শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানতে পেরে বই সহ বিভিন্ন শিক্ষাসামগ্রী নিয়ে হাজির হয় পৌর শহরের তেরিবাজারস্থ রায়হানের বাসায়। বুধবার তার হাতে এসব সামগ্রী তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সহ সভাপতি ও সুসঙ্গ দুর্গাপুর সমিতি ঢাকা’র সভাপতি এম. রফিকুল ইসলাম, সুসঙ্গ সম্মিলিত সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি লোকান্ত শাওন, দুর্গাপুর পর্যটন উন্নয়ন সমবায় সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার এবং শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি পলাশ সাহা।





















