আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু’র পক্ষে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।
রবিবার (০১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ বাজার স্টেশন ও নিউ মার্কেট এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন, ভোটারদের হাতে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
গণসংযোগকালে নাজমুল হাসান বলেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ১২ তারিখের এই নির্বাচনে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি। ইকবাল হাসান মাহমুদ টুকুর হাতকে শক্তিশালী করতে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দিয়ে জাতির অধিকার পুনরুদ্ধারে ভূমিকা রাখুন।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের রাজনীতি করে এসেছে। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের হারানো ভোটাধিকার পুনরুদ্ধার করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ মামুন হাসিমি দ্বীপু, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি হিমেল তালুকদার তাশরিফ, রাকিব হাসান,
সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য মারুফ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
গণসংযোগে সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় ভোটাররা ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে নেতাকর্মীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।