ফ্ল্যাট জালিয়াতির মামলায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজধানীর গুলশান-২ এলাকায় ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
দুদকের অভিযোগপত্র গ্রহণ করে আজ বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। একই সঙ্গে গ্রেপ্তার-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ মার্চ দিন ধার্য করা হয়েছে।
এ মামলার অপর আসামি হলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ সালাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম। তবে দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর তদন্ত শেষে দুজনের বিরুদ্ধে ১৩ জানুয়ারি অভিযোগপত্র জমা দেন।
অভিযোগে বলা হয়, টিউলিপ, মোশাররফ ও খসরুজ্জামান পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে পরস্পর বিশ্বাস ভঙ্গ ও ষড়যন্ত্রের মাধ্যমে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে গুলশান-২-এ ২,৪৩৬ বর্গফুটের একটি ফ্ল্যাট দখলে নেন ও পরে রেজিস্ট্রি করেন, যা দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ।























